১৬৫ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধন ও নবায়নে বাধ্যতামূলক হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ
মোটরসাইকেল মালিকদের ওপর সরাসরি আয়কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৬৫ সিসির (ইঞ্জিন ক্ষমতা) ওপরের মোটরসাইকেল মালিকদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে। এখন থেকে এসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কিংবা নবায়ন করতে হলে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার (পিএসআর) দাখিল করতে হবে। এ বিষয়ে এনবিআরের আয়কর বিভাগের দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রস্তাবিত বাজেটের খসড়ায় প্রথমে মোটরসাইকেল ও অটোরিকশায় আয়কর আরোপের সুপারিশ ছিল। এরপর মোটরসাইকেল মালিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে করের হার কমানো হয়। সর্বশেষ দুই ধরণের যানবাহন থেকে সরাসরি কর আদায়ের সিদ্ধান্ত বাতিল হয়েছে। তবে রাজস্ব আদায় সহজ করতে সরাসরি আদায় না করে ভিন্ন কৌশলে কর সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, মোটরসাইকেল কিংবা আটোরিকশা উভয় যানবাহন যেহেতু সাধারণ মানুষ ব্যবহার করে থাকে। তাই এনবিআর বিলাসবহুল মোটরসাইকেল (যেমন-১৬৫ সিসি ওপরে ) মালিকদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হবে। কারণ এই ধরনের বাহন রাইড শেয়ারিংয়ে কম ব্যবহৃত হয় বা হয় না বললেই চলে। তাই রেজিস্ট্রেশন ও নবায়নে রিটার্ন স্লিপ দেখাতে হবে। ফলে আয়কর দিতে বাধ্য হবেন তারা। অন্যদিকে অটোরিকশা শ্রমজীবী মানুষের বাহন হিসাবে আয়কর দিতে হবে না। তবে যারা একাধিক অটোরিকশা দিয়ে দিনের পর দিন ব্যবসা করে আসছে তাদের থেকে আয়কর আদায়ের চেষ্টা থাকবে আগামী বাজেটে। এক্ষেত্রে অটোরিকশা ব্যবসায়ীকে প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করতে হবে।এনবিআরের প্রস্তাবিত বাজেটের খসড়ার প্রথম দিকে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রেখে ১১১ থেকে ১২৫ সিসি হলে দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি হলে প্রতি বছর ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আদায়ের প্রস্তাব ছিল। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় শেষে কর কমিয়ে আমাদের নতুন প্রস্তাব তৈরি করা হয়। ওই প্রস্তাবে ১১০ সিসি থেকে ১২৫ সিসি পর্যন্ত হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৩ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি হলে বছর প্রতি ৫ হাজার টাকা অগ্রিম আয়কর আদায়ের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এবার সেখানে থেকেও সরে আসলো এনবিআর।
এনবিআর সূত্রে জানা যায়, বর্তমানে মোটরসাইকেল কিংবা অটোরিকশার চালকদের কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। তবে মোটরসাইকেল চালকদের এককালীন নিবন্ধন ফি ও ২ বছর পরপর রোড ট্যাক্স দিতে হয়। ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের সর্বমোট রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা। পরবর্তী ২ বছর পরপর প্রতি কিস্তি এক হাজার ১৫০ টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট চার হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। ১২৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা। পরবর্তী ২ বছর পরপর প্রতি কিস্তি ২,৩০০ টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, গাড়ির মালিকদের প্রতিবছর ফিটনেস নবায়নের সময় নির্দিষ্ট হারে অগ্রিম আয়কর দিতে হয়, যা বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় মূল করের সঙ্গে সমন্বয় করা যায়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০। গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা করে কর আদায় করা হলে সরকারের কোষাগারে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি কর আদায় করা যেতো। তবে বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে অগ্রিম আয়কর দুই হাজার ৫০০ টাকা, সিসিভেদে প্রাইভেট কার ও জিপে এই কর ২৫ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত, দোতলা বাস, এসি মিনিবাস ও কোস্টারের ক্ষেত্রে ২৫ হাজার টাকা, ৫২ আসনের বেশি বাসে ২৫ হাজার টাকা এবং এর কম আসনের বাসে ২০ হাজার টাকা কর দিতে হয়। আর এসি বাসে ৫০ হাজার টাকা এবং নন-এসি মিনিবাস বা কোস্টারের ক্ষেত্রে ১২ হাজার ৫০০ টাকা অগ্রিম আয়কর রয়েছে।
প্রসঙ্গত, গত ১৭মে এনবিআরের সামনে কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করে স্বারকলিপি দিয়েছিল মটরসাইকেল চালকরা। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য এনবিআর চেয়ারম্যানকে ওই স্মারকলিপি দেয়। যেখানে প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর আরোপিত অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব ছিল।



